তৌহিদ হোসেন সরকার : কুমিল্লা আদর্শ সদর উপজেলার ১নং কালিরবাজার ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) যৌথ উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৮টা থেকে কালিরবাজার ইউপি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাওলানা জাকির হোসেন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারী মাস্টার রুহুল আমীন। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারী মাওলানা রাকিবুল হাসান, মাওলানা সিহাব উদ্দিন, ১নং ওয়ার্ড সভাপতি মাওলানা রুহুল আমীন, ২নং ওয়ার্ড সভাপতি মাওলানা আবু সাইদ, ৩নং ওয়ার্ড সভাপতি মোঃ আমিনুল, ৪নং ওয়ার্ড সভাপতি আব্দুল বাতেন, ৬নং ওয়ার্ড সেক্রেটারী মোঃ ইউনুস মিয়া, ৮নং ওয়ার্ড সভাপতি ডাঃ শরীফ এবং ৯নং ওয়ার্ড সভাপতি মোঃ তাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন,
“বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় সাধারণ মানুষের পাশে থাকে। বিশেষ করে স্বাস্থ্য ও চিকিৎসা সেবাকে গুরুত্ব দিয়ে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণের উদ্যোগ নিয়েছি। এ মানবিক উদ্যোগ সফল করতে সহযোগিতা করায় ন্যাশনাল ডক্টরস ফোরাম এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের আন্তরিক ধন্যবাদ জানাই।”
তিনি আরও বলেন,
“আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই — যেখানে জনগণ নিরাপদে ও সুখে-শান্তিতে বসবাস করবে। সেই বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা প্রয়োজন।”
বিশেষ অতিথি মাওলানা দেলোয়ার হোসেন সবুজ বলেন,
“চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে। ভবিষ্যতে জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে আরও ব্যাপকভাবে কাজ করবে ইনশাআল্লাহ।”
তিনি উপস্থিত জনতার উদ্দেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের পক্ষে ভোট প্রার্থনা করেন।
দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগে হাজারো রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। স্থানীয় জনগণ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

