সমতট ডেস্ক :জয়পুরহাটের কালাই পৌরশহরে ডিলার পয়েন্ট থেকে কমপক্ষে ১৫ কিলোমিটার দূরে মোসলেমগঞ্জ বাজারে পাচারকালে ১২ বস্তা টিসিবি’র পণ্যসহ ভ্যান চালককে আটক করেছে জনতা। এ সময় টিসিবির পণ্যবাহী ভ্যানও আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইফতারের সময় এ ঘটনা উপজেলার মোসলেমগঞ্জ বাজারে ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় উদয়পুর ইউনিয়নের সদস্য লাল মিয়া।
লাল মিয়া বলেন, উত্তেজিত জনতা আটক করে আমাকে খবর দিলে আমি ঘটনাস্থলে গিয়ে সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেছি। আটক ভ্যান চালকের নাম রতন মিয়া (৪৫)। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া উত্তর পাড়া গ্রামের বদের উদ্দিনের ছেলে।
তিনি বলেন, এই ১২ বস্তা মাল কালাইয়ের ডিলার মতিন সরকারের ঘর থেকে নিয়ে কামদিয়া বাজারে বেলাল উদ্দিনের ঘরে যাচ্ছি। বেলাল এই মালগুলো কিনে আমার ভ্যানে করে নিয়ে যাচ্ছে। বেলালও মালের সাথে ছিল।
উত্তেজিত জনতারা জানায়, ডিলার মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার দীর্ঘদিন ধরে কালাই পৌরশহরের ডাশপুকুর এলাকায় টিসিবি’র পণ্য বিতরণ করে আসছেন। আজ বৃহস্পতিবার টিসিবির পণ্য বিতরণের পর চাল, ডাল, ছোলা বুট, তেলসহ যাবতীয় পণ্য ১২টি প্লাস্টিকের বস্তায় ভরে একটি ভ্যান যোগে মোসলেমগঞ্জ বাজারের দিকে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা আটক করে। এ সময় ডিলার এসে ওই পণ্যগুলো নিয়ে যেতে চাইলে জনতার সাথে ডিলারের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে স্থানীয় ইউপি সদস্য লাল মিয়া এসে মালামাল ও ভ্যান চালককে আটকের পর উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেয়।
ইউপি সদস্য লাল মিয়া বলেন, জনতা যখন পাচার হওয়া টিসিবির পণ্যগুলো আটক করে, তখন ডিলার এসে জনতার সঙ্গে খুব খারাপ আচরণ করেছে। এমনকি হাতাহাতির ঘটনাও ঘটেছে। পণ্য পারারও করবে, আবার জনগণকে মারপিট করতে এটা হয়না। এর একটা বিহিত হওয়া দরকার।
টিসিবির ডিলার মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার বলেন, এসব পণ্য আমার। এগুলো কোথায় যাবে তা বলার প্রয়োজন মনে করছি না। আপনার যা করার তা করতে পারেন। আর মালামাল আটক করে কি করতে পারে তাও দেখা যাবে।
কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা বলেন, খবর পেয়েছি, স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিবকে বলা হয়েছে। যেহেতু জনতা টিসিবির পণ্য আটক করেছে, সে কারণে অবশ্যই ডিলারের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের সচিব বাদী হয়ে নিয়মিত মামলা করবেন।

