সমতট ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আগামী নভেম্বরের মধ্যেই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে তারা আশা করছেন। শুক্রবার বিকেলে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ জানান, জোটের প্রার্থী হলেও ভোটে নিজ দলের প্রতীকে লড়তে হবে – এমন আরপিও (জনপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনের সঙ্গে বিএনপি একমত নয়।
তিনি মনে করেন, এই সংশোধনী ছোট দলগুলোকে জোটবদ্ধ হতে নিরুৎসাহিত করবে। সংশোধিত আরপিও একতরফাভাবে পাস করা হয়েছে উল্লেখ করে এর বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে আপত্তি জানিয়ে চিঠি দেওয়া হবে। এ সময় তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য আরপিও পুনঃবিবেচনা করার আহ্বান জানান।
জোট গঠনের প্রক্রিয়া
জোট গঠনের প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, বিএনপি একটি বৃহত্তর জোট গঠনের প্রক্রিয়ায় রয়েছে। এনসিপির সঙ্গে রাজনৈতিক যোগাযোগ রয়েছে, তবে জোট হবে কি না তা এখনও নিশ্চিত নয়।
চলতি মাসের মধ্যেই তাদের দলের প্রায় ২০০ আসনে একক প্রার্থীকে ‘গ্রিন সিগনাল’ দেওয়া হবে। প্রার্থীরা যাতে দ্রুত নির্বাচনী প্রস্তুতি শুরু করতে পারেন, সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত।

