সমতট ডেস্ক : কুমিল্লা নগরের রেসকোর্স এলাকায় মিলন আক্তার (৫৪) নামে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উত্তর রেসকোর্সের কাঠেরপুল এলাকার মজুমদার ভিলার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে তার লাশ পাওয়া যায়।
নিহত মিলন আক্তারের বাড়ি বুড়িচং উপজেলার নিমসার (শিকারপুর) গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে রেসকোর্স মজুমদার ভিলায় একাই বসবাস করতেন।
খবর পেয়ে পুলিশ, র্যাব ও পিবিআই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম জানান, লাশটি একদিন আগের বলে ধারণা করা হচ্ছে এবং গলাকাটা অবস্থায় পাওয়া গেছে। মরদেহে পচন ধরায় আঘাতের চিহ্ন স্পষ্ট নয়, বিষয়টি ময়নাতদন্তে জানা যাবে।
কুমিল্লা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন,
লাশটি বিছানার চাদর দিয়ে মুড়িয়ে খাটের নিচে রাখা হয়েছিল। পুলিশ আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে এবং তদন্ত চলছে।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে মিলন আক্তারের বিবাহবিচ্ছেদ হয়। তার মা চিকিৎসার জন্য কয়েক দিন আগে নোয়াখালী গিয়েছিলেন, ফলে তিনি একাই ছিলেন। মেয়েদের একজন ইউরোপে, একজন নোয়াখালীতে এবং তৃতীয়জন তানজিনা আক্তার রেসকোর্সেই থাকেন।
তানজিনা জানান, শুক্রবার সন্ধ্যায় মায়ের সঙ্গে যোগাযোগ না পেয়ে তিনি বাসায় গিয়ে খাটের নিচে রক্ত দেখতে পান এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহতের ভাতিজা মাসুদ বলেন, “গতকাল ফুফুর সঙ্গে কথা হয়েছিল। আজ শুনছি উনি খুন হয়েছেন। খাটের নিচে লাশ পাওয়া মানেই এটা হত্যাকাণ্ড।”
ওসি মাহিনুল ইসলাম বলেন,
“প্রাথমিকভাবে আমরা এটিকে হত্যাকাণ্ড বলেই মনে করছি। তদন্ত চলছে। লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

