সমতট ডেস্ক :‘বেশি বেশি সবজি খাও, সুস্বাস্থ্যের অধিকারী হও, কৃষি ও কৃষকের পাশে দাঁড়াও’ এই প্রতিপাদ্যে চাঁদপুরে খুদে শিক্ষার্থীদের নিয়ে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হলো দেশজ সবজি উৎসব।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের ল্যাবরেটরি স্কুলে এই ব্যতিক্রমী উৎসবের আয়োজন করা হয়।
সবজি উৎসবে অংশ নেওয়া খুদে শিক্ষার্থীরা ডালায় সাজিয়ে আনা সবজির নাম এবং বিভিন্ন গুণাগুণ তুলে ধরে। পাশাপাশি একজন শিক্ষার্থীর চেনা-জানা সবজি সম্পর্কে অন্য শিক্ষার্থীকে অবহিত করে।
শিশুদের দেশীয় সবজির প্রতি আকৃষ্ট করতে এবং শরীরের জন্য ক্ষতিকারক চটকদার খাবার থেকে নিরুৎসাহিত করতে ব্যতিক্রমী এই আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। উৎসবে প্রায় ৩০টির অধিক দেশীয় সবজি নিয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এসব সবজির মধ্যে ছিলো-বরবটি, শিম, মটরশুঁটি, ফুলকপি, ব্রকোলি, কুমড়া, কুমড়া ফুল, কাঁচা কলা, কলা গাছের আইলকা (আঞ্চলিক নাম), বিভিন্ন প্রজাতির শাক, ধনেপাতা, লেটুসপাতা, বাঁধাকপি, শজিনা পাতা, লাউ, থানকুনি পাতা, গাজর, মূলা, শালগম, বিট, গোল আলু, মেটে আলু, পেঁপে, টমেটো, বেগুন, চাল কুমড়া, করলা, কাঁকরোল, ঢ্যাঁড়স, পটল, শসা ইত্যাদি।
বিদ্যালয়ের শিক্ষার্থী মেহজাবিন, তাসরিক আরাফ, মিন্ময়সহ অন্যরা বলে, এই আয়োজনের ফলে তারা অনেক সবজির সঙ্গে পরিচিত হয়েছে। সবজির গুণাগুণ সম্পর্কে নিজেরা জেনেছে এবং অপরকে জানাতে পেরেছে।
উপস্থিত অভিভাবকরা বলেন, শিশুদের একসঙ্গে এত সবজি কখনও দেখার সুযোগ হয়নি। এই উৎসবের মাধ্যমে তারা বিভিন্ন রকমের সবজি সম্পর্কে জানতে পেরেছে। এতে শিশুরা সবজি খাওয়ার প্রতি আকৃষ্ট হবে। দেশের প্রতিটি শিশু বিদ্যালয়ে এই ধরনের আয়োজ করা প্রয়োজন বলে মনে করছেন অভিভাবকরা।
বিদ্যালয়ের অধ্যক্ষ মৃণাল কান্তি দাস বলেন, বর্তমানে বেশিরভাগ সবজিই বারো মাস পাওয়া যায়। এসব দেশীয় সবজি হতে পারে আমাদের প্রতিদিনের পুষ্টির এক অনন্য উৎস। মূলত এসব কারণেই শিক্ষার্থীদের সবজির প্রতি আকৃষ্ট করতে এবং শরীরের জন্য ক্ষতিকর খাদ্য থেকে নিরুৎসাহিত করতে এ আয়োজন করা হয়েছে।

