মো. তামিম হোসেন
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শুরু হয়েছে ৯ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬। আজ বৃহস্পতিবার কলেজর মুক্তমঞ্চে আয়োজিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করা হয়।
ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ (ভিসিডিএস) এর আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। এবারের প্রতিযোগিতায় মোট ১৮ টি বিভাগ অংশগ্রহণ করছে এবং মোট ২৫ টি বিতর্ক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মজিদ ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও ভিসিডিএস এর মডারেটর জুবাইদা নূর খান।
ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের সভাপতি সানজিদা ফারিহা সুরভীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর গোলাম মোহাম্মদ, শিক্ষক পরিষদের যুগ্ম-সম্পাদক অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক মজুমদার, ইংরেজি বিভাগের প্রভাষক মো. নাজির হোসাইন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা বলেন, আজকে ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ কর্তৃক আয়োজিত এই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা একটি অত্যন্ত ভালো উদ্যোগ। আমাদের নানা প্রতিকূলতার মাঝেও ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ এগিয়ে যাচ্ছে এবং পাঠ্যক্রমের পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম হিসেবে এই বিতর্ক পরিষদে শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রতিনিয়ত বাড়ছে। এই বিতর্কের মাধ্যমেই আমাদের শিক্ষার্থীদের সেরা প্রতিভা বেরিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। আমাদের বিতার্কিকরা বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরবও অর্জন করছে। সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে আমরা চ্যাম্পিয়ন হয়েছি।
তিনি আরো বলেন, যে সকল শিক্ষকরা ভিসিডিএস এর মডারেটর হিসেবে কাজ করছেন, তারা তাদের শত ব্যস্ততার মাঝেও শিক্ষার্থীদের যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তা প্রশংসনীয়। আমি সংশ্লিষ্ট শিক্ষকদের বলবো এই কার্যক্রমগুলোকে যেন বিশেষভাবে গুরুত্ব দিয়ে তত্ত্বাবধান করা হয়। আজকের এই আয়োজনটি কলেজের মুক্ত মঞ্চে করা হয়েছে যাতে সবাই এর প্রতি উৎসাহিত হয় এবং তাদের বিবেক ভিত্তিক মতামত তুলে ধরতে পারে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে আমি অভিনন্দন জানাই।

