সমতট ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, গোপালগঞ্জ সারা বাংলাদেশের অংশ। বগুড়া, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলাকে যেভাবে পূর্বে দলীয়করণ করে বঞ্চিত করা হয়েছে, সেই সংস্কৃতিতে এনসিপি আর ফিরতে চায় না। আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
‘৭১ ও ‘২৪ আমাদের, বৈষম্য দূর না হওয়া পর্যন্ত লড়াই চলবে’
ঝুঁকি নিয়েই গোপালগঞ্জে প্রবেশ করেছেন এনসিপি নেতারা, এমন প্রেক্ষাপটে তাসনিম জারা বলেন, “অনেকে আমাদেরকে ‘৭১-বিরোধী’ বলে দেখাতে চান। কিন্তু ‘৭১ আমাদের, ‘২৪ আমাদের।” তিনি আরও বলেন, ‘৪৭, ‘৭১, ‘২৪ – এই জনপদের মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, এবং বৈষম্য দূর না হওয়া পর্যন্ত তাদের এই লড়াই চলবে।
‘বাংলাদেশ কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থে বিক্রি হবে না’
ডা. তাসনিম জারা দৃঢ়তার সাথে বলেন, “কোনো ব্যক্তি বা পরিবার আর বাংলাদেশকে কিনে নিতে পারবে না। কোনো একক ব্যক্তি বা পরিবারের স্বার্থে বাংলাদেশ বিক্রি হবে না। বাংলাদেশ হবে সবার।” তিনি হুঁশিয়ারি দেন, যারা দেশের সংস্কারে বাধা দেবে, জনগণ তাদের মনে রাখবে।
গোপালগঞ্জকে সঙ্গে নিয়েই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়
অবশেষে সমাবেশ মঞ্চে এনসিপি নেতারা উপস্থিত হওয়ার পর তাসনিম জারা জানান, দেশ গড়তে এনসিপির জুলাই কর্মসূচিতে কোনো জেলা বাদ দেওয়া হবে না। তিনি বলেন, “মধুমতির কোল ঘেঁষা গোপালগঞ্জ, গোপালগঞ্জ সারা বাংলাদেশের। আমাদের পদযাত্রা গোপালগঞ্জকে বাদ দিয়ে নয়।” এখানকার সন্তানেরা যাতে বৈষম্যের শিকার না হয়, সে জন্যই তাদের এই লড়াই উল্লেখ করে তিনি বলেন, “গোপালগঞ্জকে সঙ্গে নিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়বো। পথটা দীর্ঘ, চ্যালেঞ্জ অনেক, কিন্তু মানুষ যখন জাগে, ইতিহাস বদলায়।”

