সমতট ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পূর্ব ঘোষিত কর্মসূচিতে স্থানীয় আওয়ামী লীগের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার বিকেলে সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিনি এই উদ্বেগ জানান।
বিএনপি মহাসচিব তার বিবৃতিতে উল্লেখ করেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। তিনি আজকের গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনও সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের আহত করার ঘটনাকে এই অপতৎপরতারই বহিঃপ্রকাশ বলে আখ্যায়িত করেন।
মির্জা ফখরুল মনে করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে ‘আওয়ামী দোসর’রা মরণকামড় দিয়ে ইন্টেরিম গভর্নমেন্টকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য এখন মাথাচাড়া দিয়ে উঠেছে। তিনি এসব দুস্কৃতিকারীকে কঠোর হস্তে দমন ছাড়া আর কোনো বিকল্প পথ নেই বলে মন্তব্য করেন।
গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশে যাতে আবারও ফ্যাসিবাদের উত্থান হতে না পারে, সেজন্য দেশের মানুষের জানমাল রক্ষায় দল, মত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি সতর্ক করে বলেন, এর ব্যত্যয় হলে দেশ আবারও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় হুমকির মুখে পড়বে।
বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত কর্মসূচিতে হামলাকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি আহত পুলিশ সদস্যদের আশু সুস্থতা কামনা করেন।

