সমতট ডেস্ক – আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল। দুপুর ২টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড (ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড) একযোগে এই ফল প্রকাশ করে।
এ বছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। মাত্র ৯৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে, যা গত বছর (২০২৪) ছিল ২ হাজার ৯৬৮টি। সে হিসাবে, এবার শতভাগ পাসের শিক্ষাপ্রতিষ্ঠান কমেছে ১ হাজার ৯৮৪টি।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সভাকক্ষে সার্বিক বিষয়ে মতবিনিময় সভায় জানান, এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮.৪৫ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। বিদেশে পাসের হার ৮৭.৩৫ শতাংশ।
উল্লেখ্য, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা গত ১০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৫ থেকে ২২ মে’র মধ্যে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন, যা ২০২৪ সালের তুলনায় প্রায় এক লাখ কম।
ফল জানার পদ্ধতি
শিক্ষার্থীরা অনলাইনে এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে।
- অনলাইনে ফল দেখতে: শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিজের ফল জানতে পারবে।
- মোবাইলে এসএমএসের মাধ্যমে:
- এসএসসি পরীক্ষার জন্য: SSC [বোর্ডের প্রথম তিন অক্ষর] [রোল নম্বর] 2025 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে (উদাহরণ: SSC Dha 123456 2025)।
- দাখিল পরীক্ষার জন্য: Dakhil MAD [রোল নম্বর] 2025 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে (উদাহরণ: Dakhil MAD 123456 2025)। প্রি-রেজিস্ট্রেশন করা থাকলে ফল প্রকাশের পর স্বয়ংক্রিয়ভাবে ফল পৌঁছে যাবে।
- প্রতিষ্ঠানভিত্তিক ফল: https://eboardresults.com/v2/home ওয়েবসাইটে গিয়ে ‘Institution Result’ সিলেক্ট করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে সম্পূর্ণ ফল ডাউনলোড করা যাবে।
- দাখিল পরীক্ষার বিস্তারিত ফল: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার ফল www.bmeb.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘অনলাইন সেবা-১’ কর্নার থেকে ‘দাখিল পরীক্ষা ২০২৫’ অপশনে ক্লিক করে জেলা ও কেন্দ্রভিত্তিক ফল দেখা যাবে।
ফল পুনঃনিরীক্ষণের আবেদন
প্রকাশিত ফলাফলে কোনো পরীক্ষার্থী অসন্তুষ্ট হলে আগামী ১৭ জুলাই পর্যন্ত পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। শুধুমাত্র টেলিটকের মাধ্যমে এই আবেদন করা যাবে।
- আবেদনের পদ্ধতি: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে, স্পেস দিয়ে যে বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চান তার বিষয় কোড লিখতে হবে। যদি একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চান, সেক্ষেত্রে কমা দিয়ে বিষয়কোড লিখে তা ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রতি পত্রের জন্য আবেদন ফি ১৫০ টাকা।

