সমতট ডেস্ক – কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম আজ বলেছেন যে, শুধুমাত্র স্বৈরাচারের দোসর ছাড়া যে কেউ বিএনপির সদস্য হতে পারবে। তবে কোনো চিহ্নিত সন্ত্রাসী বা বিতর্কিত ব্যক্তি দলের সদস্য হতে পারবে না।
বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি হলে বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
শরীফুল আলম আরও বলেন, বিএনপির এই সদস্য সংগ্রহ অভিযান শুধুমাত্র কাগজে-কলমে সীমাবদ্ধ থাকবে না, এটি মানুষের হৃদয়ে বিএনপিকে পৌঁছে দেওয়ার একটি ঐতিহাসিক প্রচেষ্টা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি পিপি জালাল উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন আকিল, সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল এবং সাধারণ সম্পাদক ইসরাইল মিয়া। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এছাড়াও, বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নতুন ও পুরাতন সদস্যদের মাঝে ফরম বিতরণ করা হয়।

