সমতট ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, যদি শাপলা জাতীয় প্রতীক হিসেবে কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে না পারে, তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না। নির্বাচন কমিশনের (ইসি) শাপলাকে নির্বাচনী প্রতীক তালিকাভুক্ত না করার নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদে তিনি গতকাল বুধবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
সারজিস আলম তার পোস্টে লেখেন, “শাপলা জাতীয় প্রতীক নয়। জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, পাট পাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ। শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে, তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না। আর যদি জাতীয় প্রতীকের যেকোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে শাপলাও হতে পারবে।”
তিনি আরও উল্লেখ করেন, জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত কোনো বাধা নেই। এর সপক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, “কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে। আর যদি মার্কা দেখেই ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন!”
উল্লেখ্য, সম্প্রতি নির্বাচন কমিশন জাতীয় প্রতীক শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এর আগে, গত ২২ জুন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে এবং তাদের সম্ভাব্য প্রতীক হিসেবে শাপলা, মোবাইল ও কলমের কথা উল্লেখ করে।

