সমতট ডেক্স : দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকালে এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
এদিকে ভারী বর্ষণে ফেনী জেলার মুহুরি ও সেলোনিয়া নদীর পানি সমতল বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এতে করে ওই জেলার নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা- দেশের চার সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দক্ষিণাঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বুধবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
এর আগে গতকাল মঙ্গলবার সকালেও এই চারটি বিভাগের জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

