সমতট ডেস্ক :বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য ই-রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করতে বিশেষ রেজিস্ট্রেশন সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন ব্যবস্থায় মোবাইল ফোনের পরিবর্তে করদাতার নিজস্ব ই-মেইলে ওটিপি পাঠানো হবে। এর মাধ্যমে পাসওয়ার্ড রিসেট ও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
এনবিআর জানিয়েছে, যেসব করদাতা বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধিত হয়েছেন কিন্তু বর্তমানে বিদেশে অবস্থান করায় মোবাইল ওটিপি ব্যবহার করতে পারছেন না, তাদের জন্য ই-মেইল ভেরিফিকেশন পদ্ধতি চালু করা হয়েছে।
যেভাবে আবেদন করবেন
বিদেশে থাকা করদাতাকে নিজ ই-মেইল থেকে ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় আবেদন পাঠাতে হবে। আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে পাসপোর্টের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, ভিসা পেজের কপি, বিদেশের বর্তমান ঠিকানা, বিদেশে ব্যবহৃত মোবাইল বা ফোন নম্বর এবং সর্বশেষ বাংলাদেশ ত্যাগের তারিখ।
আবেদন যাচাই শেষে ই-মেইল ভেরিফাই করা হলে করদাতা ভেরিফাইড ই-মেইলে প্রাপ্ত ওটিপি ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট, রেজিস্ট্রেশন এবং ই-রিটার্ন দাখিলসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

