সমতট টিভি: কুমিল্লার ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে ‘প্যারেন্টিং কনফারেন্স ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকাল ৪টায় কোটবাড়ির ফুড কোর্ট রেস্টুরেন্টে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বার্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ও প্রতিষ্ঠানটির কুমিল্লা শাখার সভাপতি ড. মাসুদুল হক চৌধুরী।
কনফারেন্সে আলোচক হিসেবে অংশ নেন কুমিল্লা বার্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক শফিকুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু সার্জন ডা. সিফাত সালেহ।
বক্তারা তাঁদের আলোচনায় বলেন, একটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হলো পরিবার। বাবা-মায়ের আচরণ, ভালোবাসা, সময় দেওয়া এবং মূল্যবোধ শেখানোই শিশুর ভবিষ্যৎ চরিত্র গঠনের প্রধান ভিত্তি। তাই পরিবারই শিশুর প্রথম বিদ্যালয় এবং অভিভাবকরাই তার প্রথম শিক্ষক—এই মূল্যবোধ মাথায় রেখেই শিশুকে বেড়ে উঠতে সহায়তা করতে হবে।
সভাপতির বক্তব্যে ড. মাসুদুল হক চৌধুরী বলেন, ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে এমন এক মানসম্মত প্রজন্ম গড়ে তুলতে কাজ করে যাচ্ছে, যারা ভবিষ্যতে দেশ ও মানবতার কল্যাণে ভূমিকা রাখবে। অভিভাবক, শিক্ষক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টাই একটি শিশুকে তার সক্ষমতার সর্বোচ্চ অবস্থানে পৌঁছে দিতে পারে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল মাসুমা আক্তার, এক্সিকিউটিভ সেক্রেটারি ফখরুল ইসলাম, শিক্ষকসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা।

