দাঁড়িপাল্লার ভোট বিপ্লবের মাধ্যমে ইনশাআল্লাহ জামায়াত সরকার গঠন করবে–কাজী দ্বীন মোহাম্মদের
তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা -৬ (সদর ও সদর দক্ষিণ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের নেতৃত্বে শুক্রবার (২১ নভেম্বর) সকালে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের দাবি, এতে প্রায় পাঁচ হাজার মোটরসাইকেল অংশ নেয়।
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী, চকবাজারসহ বিভিন্ন পয়েন্ট অতিক্রম করে নগরীতে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। তাদের হাতে দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড দেখা যায়। পথে সড়কের দু’পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের হাত নেড়ে শুভেচ্ছা জানান কাজী দ্বীন মোহাম্মদ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ‘প্রিয় মাতৃভূমিকে দুর্নীতি, অবিচার ও স্বৈরাচার থেকে মুক্ত করে কোরআন–সুন্নাহভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। জনগণের কল্যাণ এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদের রাজনীতি।’
তিনি আরও বলেন, ‘সন্ত্রাস, চাঁদাবাজি ও হানাহানি পরিহার করে সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। আগামী জাতীয় নির্বাচনে জনগণ দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে এবং দাঁড়িপাল্লার ভোট বিপ্লবের মাধ্যমে ইনশাআল্লাহ জামায়াত সরকার গঠন করবে।’
নির্বাচিত হলে কুমিল্লা সদর–সদর দক্ষিণ এলাকায় রাস্তাঘাট, সেতু, কালভার্ট নির্মাণ ও সংস্কার, স্থানীয় শিল্পায়ন, যুবকদের কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, হাসপাতাল আধুনিকীকরণ, কমিউনিটি ক্লিনিক বৃদ্ধি, মাদক ও সন্ত্রাস দমনসহ নগরীর পানি, বিদ্যুৎ, পয়ঃনিষ্কাশন এবং বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।
মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন, নাছির আহম্মদ মোল্লা, সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলামসহ আরও অনেকে।

