সমতট ডেস্ক: আয়ারলেন্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়েই নিজের শততম টেস্ট খেলতে নেমেছিলেন মুশফিকুর রহিম। প্রথম দিনে বিশ্বের ১১তম ব্যাটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন। কিন্তু দিনের নির্ধারিত ওভারের খেলা শেষ হয়ে যাওয়াতে মাঠ ছাড়েন অপরাজিত ৯৯ রানে।
শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের খেলা শুরু হতেই অপেক্ষার অবসান হয় তার। দিনের তৃতীয় বলে ইতিহাসে নাম লেখান তিনি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি তুলে নেন তিনি। এটি ছিল মুশফিকের ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি।
মুশফিকের আগে শততম টেস্টে সেঞ্চুরি করার বিরল কীর্তি আছে কেবল দশজনের। মুশফিক সেখানে এগারো নম্বর। এই সেঞ্চুরিতে আবার বাংলাদেশের হয়ে মুমিনুল হকের সর্বোচ্চ (১৩) সেঞ্চুরির রেকর্ডে ভাগও বসিয়েছেন তিনি। শেষ পর্যন্ত ১০৬ রানে হামফ্রিজের বলে আউট হয়েছেন মুশফিক।
এবার দেখে নেওয়া যাক শততম টেস্টে সেঞ্চুরি করেছেন যারা-
১. কলিন কাউড্রে (ইংল্যান্ড) – ১১ জুলাই ১৯৬৮, বার্মিংহামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৪ রান
২. জাভেদ মিয়াঁদাদ (পাকিস্তান) – ১ ডিসেম্বর ১৯৮৯, লাহোরে ভারতের বিপক্ষে ১৪৫ রান
৩. গর্ডন গ্রিনিজ (ওয়েস্ট ইন্ডিজ) – ১২ এপ্রিল ১৯৯০, সেন্ট জনসে ইংল্যান্ডের বিপক্ষে ১৪৯ রান
৪. অ্যালেক স্টুয়ার্ট (ইংল্যান্ড) – ৩ আগস্ট ২০০০, ম্যানচেস্টারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৫ রান
৫. ইনজামাম–উল–হক (পাকিস্তান) – ২৪ মার্চ ২০০৫, বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ১৮৪ রান
৬. রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) – ২ জানুয়ারি ২০০৬, সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২০ ও অপরাজিত ১৪৩ রান
৭. গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা) – ১৯ জুলাই ২০১২, লন্ডনে ইংল্যান্ডের বিপক্ষে ১৩১ রান
৮. হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা) – ১২ জানুয়ারি ২০১৭, জোহানেসবার্গে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৪ রান
৯. জো রুট (ইংল্যান্ড) – ৫ ফেব্রুয়ারি ২০২১, চেন্নাইয়ে ভারতের বিপক্ষে ২১৮ রান
১০. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) – ২৬ ডিসেম্বর ২০২২, মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০ রান
১১. মুশফিকুর রহিম (বাংলাদেশ) – ২০ নভেম্বর ২০২৫, মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে ১০৬

