সমতট ডেস্ক :আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের ভারতে না খেলতে চাওয়ার অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বর্তমান আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে পিসিবি জানিয়েছে, এই সময়ে বাংলাদেশ দলের ভারতে খেলতে না চাওয়ার সিদ্ধান্ত যৌক্তিক। চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি চায়, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হোক।
তবে আইসিসির অবস্থান এখনো অপরিবর্তিত। সংস্থাটি শুরু থেকেই বিশ্বকাপের নির্ধারিত সূচি ও ভেন্যু পরিবর্তনের বিপক্ষে রয়েছে।
শ্রীলঙ্কা ও ভারত যৌথভাবে আয়োজক হলেও বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলতে দেওয়ার বিষয়ে আইসিসি এখন পর্যন্ত রাজি হয়নি। গত সপ্তাহে বিসিবির সঙ্গে বৈঠকেও তারা এই অবস্থান স্পষ্ট করেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, সরকারের পূর্ণ সমর্থন নিয়েই তারা ভারতের মাটিতে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছে। এ ইস্যুতে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক দফা আলোচনা হয়েছে।
সর্বশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয় গত সপ্তাহান্তে ঢাকায়। তবে দুই পক্ষই নিজেদের অবস্থান থেকে সরে আসেনি। একদিকে আইসিসি নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ আয়োজনের ওপর জোর দিচ্ছে, অন্যদিকে বিসিবি বলছে, তারা দল পাঠাতে পারবে না।
এই সিদ্ধান্ত ঘিরে সময়ও দ্রুত ফুরিয়ে আসছে, টুর্নামেন্ট শুরুর তিন সপ্তাহেরও কম সময় বাকি।
এর মধ্যেই পিসিবির দেরিতে যুক্ত হওয়া নানা জল্পনা তৈরি করেছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়, পিসিবি বাংলাদেশের ম্যাচ পাকিস্তানে আয়োজনের প্রস্তাব দিয়েছিল।
এমনকি বাংলাদেশের বিষয়ে কী সিদ্ধান্ত হয়, তার ওপর নির্ভর করে পাকিস্তান নিজেদের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়েও ভাবছে এমন কথাও শোনা যায়। তবে এসব বিষয়ে পিসিবি এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

