তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা-৬ আসনে জাতীয় নির্বাচনের প্রাক্কালে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে উঠান বৈঠক, গণসংযোগ ও জনসম্পৃক্ততা অব্যাহত রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী। বুধবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর এবং আসনের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মাদ।
নতুন জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
বিকেল ৩টায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন জেলা প্রশাসক মো. রেজা হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন জামায়াতের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মাদ, সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, নায়েবে আমীর মাস্টার মোসলেউদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেলসহ মহানগরী ও ছাত্র সংগঠনের শীর্ষ নেতারা।
মতবিনিময়ে কুমিল্লার সমসাময়িক নাগরিক সমস্যার কথা তুলে ধরে কাজী দ্বীন মোহাম্মাদ বলেন,
“মাদক কারবারিদের দখলে কুমিল্লা নগরী। মাদকের সয়লাবে ডাবল মার্ডারের মতো ঘটনা ঘটছে। কিশোর গ্যাং পুরোনো সমস্যা হলেও এটিকে আর বাড়তে দেওয়া যাবে না। প্রশাসন সক্রিয় হলে এসব সমস্যার সমাধান সম্ভব।”
জেলা প্রশাসক মো. রেজা হাসান বলেন, “রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া চলছে। বৈষম্যবিরোধী অবস্থান নিয়ে সকলের জন্য প্রশাসন কাজ করবে। জনগণের সহযোগিতা নিয়েই আমরা এগোতে চাই।”
২১ নম্বর ওয়ার্ডে মহিলাদের উঠান বৈঠক
বিকেল ৩টা ৩০ মিনিটে মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের শাকতলা এলাকায় আবুল কাশেম সর্দারের বাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মহিলা সমাবেশ।
এতে প্রধান বক্তা হিসেবে কাজী দ্বীন মোহাম্মাদ বলেন,
“নামাজ কায়েম, জাকাত আদায়, অন্যায় প্রতিরোধ ও আল্লাহর আইন প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে। দেশের ইতিবাচক পরিবর্তনের জন্য আমরা কাজ করছি। জনগণের দোয়া ও সহযোগিতা পেলে এই পরিবর্তন বাস্তবে রূপ নেবে।
ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মিয়ার জানাজায় অংশগ্রহণ
বিকেল ৪টা ৩০ মিনিটে বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল ওয়াদুদ মিয়ার জানাজায় অংশ নেন জামায়াত নেতারা।
জানাজা অনুষ্ঠিত হয় দৌলতপুর পশ্চিম পাড়া মদিনাতুন নুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে।
মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মাদ মৃতের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
চৌয়ারার আলমপুরে উঠান বৈঠক
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের আলমপুর গ্রামে অনুষ্ঠিত হয় আরেকটি উঠান বৈঠক।
এতে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মো. মিজানুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক রুহুল আমিন, ইউনিয়ন আমীর মাওলানা ইকবাল হোসেন, ইউনিয়ন সেক্রেটারি ও স্থানীয় নেতৃবৃন্দরা।
এসময় মোবারক হোসাইনের সঞ্চালনায় কর্মসূচিতে হাফেজ মহিবুল্লাহ, হাফেজ শহীদুল্লাহ, মাস্টার আবুল বাশার, শাহ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
সব কর্মসূচিতেই কাজী দ্বীন মোহাম্মাদ তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, “রাষ্ট্র সংস্কার, বৈষম্যহীনতা প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়াই আমাদের লক্ষ্য। জনগণের পাশে থেকে তাদের অধিকার প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা মার্কাই হবে সামগ্রিক পরিবর্তনের প্রতীক।”

