সমতট ডেস্ক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন থেকে আয়কর কাটার বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকার। সোমবার (১০ নভেম্বর) হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয় থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে সকল সরকারি কর্মচারীর বেতন থেকে প্রযোজ্য আয়কর বাধ্যতামূলকভাবে কর্তন করতে হবে।
বিজ্ঞপ্তিটি সিজিএ’র অতিরিক্ত হিসাব ও পদ্ধতি শাখা থেকে জারি করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, আয়কর আইন-২০২৩ অনুযায়ী চলতি আয় বছরে যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারীর মাসিক বেতন করমুক্ত সীমার উপরে, তাদের ক্ষেত্রে উৎসে আয়কর কর্তন করা বাধ্যতামূলক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—
* পুরুষ কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে মাসিক মূল বেতন *২৬,৭৮৫ টাকা বা তার বেশি হলে,
* নারী কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে মাসিক মূল বেতন ৩০,৩৫৭ টাকা বা তার বেশি হলে,
তাদের আয়ের পরিমাণ করমুক্ত সীমা অতিক্রম করছে। তাই বেতন বিল প্রস্তুতের সময় উৎসে আয়কর কর্তন করতে হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বিল থেকে আয়করসহ অন্যান্য কর্তনের দায়িত্ব ট্রেজারি রুলস এসআর-১২৫ অনুযায়ী উত্তোলনকারীর ওপর বর্তাবে। অর্থাৎ, সংশ্লিষ্ট দপ্তর বা অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকেই নিশ্চিত করতে হবে যে আয়কর সঠিকভাবে কাটা হয়েছে।
এই নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশের সকল চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার, বিভাগীয় ও জেলা হিসাব নিয়ন্ত্রক, উপজেলা হিসাব কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনাটি অর্থ বিভাগে পাঠানো হয়েছে সচিবের মাধ্যমে, যেখানে বাজেট-১ অনুচ্ছেদে কর্মরত যুগ্ম সচিবের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
উল্লেখ্য, এই নির্দেশনার সূত্র হিসেবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে গত ৭ অক্টোবরজারি করা একটি আধা-সরকারি চিঠির উল্লেখ রয়েছে। সেই চিঠিতেই সরকারি বেতনভোগীদের উৎসে কর কর্তনের বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল।
এই নতুন নির্দেশনার ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন থেকে আয়কর কর্তন প্রক্রিয়া আরও স্বচ্ছ, বাধ্যতামূলক ও নিয়মতান্ত্রিকভাবে বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে।
