তৌহিদ হোসেন সরকার : কুমিল্লা মহানগরীর বেসরকারি কলেজগুলোর মধ্যে সর্বোচ্চ ফলাফলের গৌরব অর্জন করায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে কুমিল্লা পাঠশালা কলেজ। বুধবার (২২ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সেক্রেটারি এবং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটি–এর প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোঃ আবুল কালাম (রাছেল)।
বিশেষ অতিথি ছিলেন হাজী আলী আকবর মডেল কলেজের অধ্যক্ষ মোঃ কামাল হোসেন, কলেজ পরিচালনা পরিষদের নির্বাহী কমিটির সদস্য মোঃ আরিফুল ইসলাম টুকু, কলেজ ইনচার্জ মোঃ আব্দুল কাইয়ুম, বাণিজ্য বিভাগের ইনচার্জ মোঃ মহিউদ্দিন এবং পরীক্ষা নিয়ন্ত্রক কাজল দেবনাথসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কুমিল্লা পাঠশালা কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলায় বিশেষ নজর দিয়েছে, যার ফলেই অল্প সময়েই প্রতিষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও শহরবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছে।
উল্লেখ্য, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা মহানগরের বেসরকারি কলেজগুলোর মধ্যে সর্বোচ্চ পাশের হার অর্জন করেছে কুমিল্লা পাঠশালা কলেজ। প্রতিষ্ঠানটির ৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০ জন উত্তীর্ণ হয়ে পাশের হার দাঁড়িয়েছে ৮১.৯৭ শতাংশ, যা এবারের ফলাফলে শীর্ষস্থান। অনলাইনে প্রাপ্ত তথ্যানুযায়ী, দ্বিতীয় অবস্থানে রয়েছে কুমিল্লা ক্যামব্রিয়ান কলেজ (৭৭.২৭%) এবং তৃতীয় স্থানে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ (৭৩.১৩%)।
অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম বলেন,
“আমাদের এই অর্জন শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং অভিভাবকদের সহযোগিতার ফল। নিয়মিত ক্লাস পরীক্ষা ও মানসম্মত পাঠদানের মাধ্যমেই আমরা এই সফলতা পেয়েছি।”প্রধান অতিথি এপেক্সিয়ান মোঃ আবুল কালাম (রাছেল) তার বক্তব্যে বলেন,
“আকর্ষণীয় ফলাফলের মাধ্যমে পাঠশালা কলেজ ইতোমধ্যে মহানগরীতে সুনাম অর্জন করেছে। ভবিষ্যতে আরও শিক্ষার্থী ভর্তি হবে, এ কলেজের পরিচিতি দেশ-বিদেশে ছড়িয়ে পড়বে এবং একদিন জাতীয় পর্যায়েও সম্মান বয়ে আনবে—এমন প্রত্যাশা করছি।”
অনুষ্ঠান শেষে সফল শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

