সমতট ডেস্ক : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এক ইউনিয়ন পরিষদের সদস্যের বাড়ির ছাদ ও আঙিনার বাঁশঝাড় থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) সকালে উপজেলার শশীদল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য নুরুল ইসলামের বাড়ি থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। এ সময় কাউছার (৩০) নামে এক মাদক বহনকারীকে আটক করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শশীদল উত্তর পাড়া এলাকার মেম্বার নুরুল ইসলামের বাড়ির ছাদ ও পুকুরপাড় থেকে ১০০ কেজি গাঁজাসহ কাউছারকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত কাউছার মৃত আব্দুল হাকিমের ছেলে।

তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউপি সদস্য নুরুল ইসলাম পালিয়ে যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী এসআই মেহেদী হাসান জুয়েল বলেন, কাউছারকে আটক করে জিজ্ঞাসাবাদে জানা যায়, মেম্বার নুরুল ইসলামের ছাদে গাঁজা শুকানো হচ্ছিল। পরে সেখানে গিয়ে ছড়িয়ে থাকা প্রায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বাকিগুলো বাঁশঝাড় ও পুকুরপাড় থেকে পাওয়া যায়। নুরুল ইসলাম ও তার ছেলে ডালিম পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে পূর্বে কোনো মাদক মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

