বেলাল হোসেন রাজু: বিতর্কের মঞ্চে মেধা, মনন আর যুক্তির রোমাঞ্চকর সমাবেশে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে ‘ডিবেট ওয়ার্কশপ ও ডিবেটার্স হান্ট ২০২৫’। শনিবার দিনব্যাপী কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের ডা. জোবায়দা হান্নান অডিটোরিয়ামে এ আয়োজন করে স্বাধীনতা বিতর্ক মঞ্চ কুমিল্লা (স্বাবিমক)।
‘যুক্তির প্রান্তরে শুনি জীবনের জয়ধ্বনি’— এই শ্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠিত সংগঠনটি চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী প্রজন্মের মেধা, মনন ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যেই এই আয়োজন করে। অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের পর শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও শিশু চিকিৎসক ডা. সিফাত সালেহ্।
এরপর শুরু হয় দিনব্যাপী ওয়ার্কশপ, গ্রুপ ওয়ার্ক অ্যাক্টিভিটি এবং দুটি প্রাণবন্ত শো ডিবেট। ‘সংসদীয় বিতর্কের ফ্রেমিং’ বিষয়ে প্রশিক্ষণ দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেট সোসাইটির সভাপতি মঈন আল মোবাশ্বের। আর ‘যুক্তি বিনির্মাণ ও খণ্ডন কৌশল’ বিষয়ে নবীন বিতার্কিকদের দিকনির্দেশনা দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশনের প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট জাহিদুল ইসলাম।

ওয়ার্কশপ শেষে অনুষ্ঠিত হয় দুটি প্রীতি বিতর্ক। প্রথম প্রস্তাব ছিল— “এই সংসদ মনে করে, শিক্ষা ব্যবস্থার দুর্বলতাই মেধা পাচারের জন্য দায়ী।” বিতর্কের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ন্যাশনাল ডিবেটিং সোসাইটির পরিচালক ও সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক মো. শরীফুল ইসলাম। সময় নির্ধারক ছিলেন স্বাবিমকের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও সাংবাদিক বেলাল হোসেন রাজু। সরকারি দলের হয়ে যুক্তি উপস্থাপন করেন প্রধানমন্ত্রী অর্পিতা দেবী, মন্ত্রী তারেকুল ইসলাম সায়মন ও সংসদ সদস্য তানজিদ বিন হুমায়ুন। অন্যদিকে বিরোধী দলে ছিলেন নেতা মেহেদী হাসান (আবরার), উপনেতা আব্দুর রহমান আস সাদী ও হুইপ মারুফ হাসান। দুই পক্ষের প্রাণবন্ত যুক্তিতর্কে মুখরিত হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম।
দিনের সবচেয়ে উপভোগ্য অংশ ছিল রম্য প্রীতি বিতর্ক। প্রস্তাব ছিল— “এই সংসদ মনে করে, কুমিল্লা বিভাগ চাই।” এই রম্য বিতর্কে পক্ষে যুক্তি উপস্থাপন করেন বাংলাদেশ ন্যাশনাল ডিবেটিং সোসাইটির পরিচালক ও সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক মো. শরীফুল ইসলাম এবং বিপক্ষে যুক্তি তুলে ধরেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি সাদিয়া আফরিন। দুজনের তীক্ষ্ণ বুদ্ধি, রসবোধ ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাস্যরসে ভরে ওঠে পুরো হলরুম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, এখন টিভির ব্যুরো প্রধান খালিদ সাইফুল্লাহ, স্বাধীনতা বিতর্ক মঞ্চের উপদেষ্টা ডা. সীফাত সালেহ্, বিএইচআর মাল্টিমিডিয়া ও সমতট টিভির সিইও বেলাল হোসেন রাজু এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি সাদিয়া আফরিন।
অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য কুমিল্লার শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান স্বাধীনতা বিতর্ক মঞ্চ কুমিল্লার পরিচালক মারুফ হাসান। তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান উদ্যোমী ইয়ুথ নেটওয়ার্ক বাংলাদেশ টিমকে, যাদের অক্লান্ত পরিশ্রমে বাস্তবায়িত হয় এ আয়োজন।
পরিশেষে মারুফ হাসান বলেন, “স্বাধীনতা বিতর্ক মঞ্চ কুমিল্লা তরুণদের যুক্তি, চিন্তা ও নেতৃত্বের চর্চা আরও বিস্তৃত করতে চায়। যুক্তিবোধসম্পন্ন প্রজন্মই সমাজে আলোর পথ দেখাবে।”

