সমতট ডেস্ক : বিসিবি পরিচালনা পরিষদে পরিচালক পদে নির্বাচনের পর নির্বাচন কমিশনের অধীনে হয়েছে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন। এই দুই পদে হয়নি কোনো প্রতিদ্বন্দ্বিতা। সভাপতি পদে শুধুমাত্র আমিনুল ইসলাম বুলবুল প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছেন।
এছাড়া দুই সহ-সভাপতি পদে নির্বাচন করেছেন বরিশাল বিভাগ থেকে নির্বাচিত পরিচালক মোঃ শাখাওয়াত হোসেন ও ক্যাটাগরি-২ থেকে নির্বাচিত হওয়া পরিচালক ফারুক আহমেদ। দুই সহ-সভাপতি পদে তৃতীয় কোনো পরিচালক প্রার্থী না হওয়ায় এই দুই পদেও হয়নি নির্বাচন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতা তারা নির্বাচিত হয়েছেন।
এর আগে ঢাকা বিভাগ থেকে ১৫ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। আগের মেয়াদে বিসিবি সভাপতি হিসেবে থাকা বুলবুল ফের সভাপতি পদে নির্বাচন করেন। তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না এই পদে। অন্যদিকে সহ-সভাপতি হওয়া মোঃ শাখাওয়াত হোসেন বরিশাল বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতা বিসিবির পরিচালক হয়েছিলেন।
এবার বিনা প্রতিদ্বন্দ্বিতা হলেন বিসিবির সহ-সভাপতি। দ্বিতীয় সহ-সভাপতি হওয়া ফারুক আহমেদ ক্যাটাগরি-২’য়ের রেঞ্জার্স ক্রিকেট একাডেমির কাউন্সিলর হয়ে পরিচালক পদে নির্বাচন করেছিলেন। ৪২ ভোট পেয়ে তিনি প্রথমে পরিচালক নির্বাচিত হন। পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হলেন।

