তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, “ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জামায়াত এ দেশের জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে চায়। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা-কর্মীদের সর্বাত্মক ভূমিকা রাখতে হবে।”
২৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে কুমিল্লায় অনুষ্ঠিত অঞ্চল দায়িত্বশীল সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জামায়াত ইতোমধ্যেই ৫ দফা কর্মসূচি ঘোষণা করেছে। আন্দোলন ও নির্বাচন সমানতালে চালাতে হবে। জুলাই সনদকে আইনী ভিত্তি দিতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর সিস্টেমে দিতে হবে। সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং আওয়ামী ফ্যাসিবাদের দৃশ্যমান বিচার করতে হবে। প্রয়োজনীয় সংস্কার করেই অন্তবর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।”
সভায় উপস্থিত ছিলেন অঞ্চল সহকারী পরিচালক কাজী দ্বীন মোহাম্মদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মোঃ মজিবুর রহমান ভূইয়া, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আবদুস সালাম এবং কুমিল্লা অঞ্চল টিমের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ। এ সময় কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের ৮ জেলার আমীর, সেক্রেটারি ও এমপি প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

