সমতট ডেস্ক : কুমিল্লা-৬ আসনের সঙ্গে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাকে যুক্ত করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে কুমিল্লার আরো তিনটি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কুমিল্লা সদর দক্ষিণকে কুমিল্লা-১০ আসন থেকে আলাদা করে কুমিল্লা-৬ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। ফলে কুমিল্লা-১০ আসনে এখন থাকবে নাঙ্গলকোট ও লালমাই উপজেলা। এছাড়া কুমিল্লা-১ গঠিত হয়েছে দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে এবং কুমিল্লা-২ গঠিত হয়েছে তিতাস ও হোমনা উপজেলাকে কেন্দ্র করে। অন্যদিকে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সীমানা পূর্বাবস্থায় ফিরিয়ে আনা হয়েছে।
দেশের অন্যান্য আসনের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হয়েছে। এদিকে দ্বাদশ সংসদের ২৬১ আসনের সীমানা বহাল রেখে ৩৯টি আসনের সীমানায় আংশিক পরিবর্তন করা হয়েছে। পরিবর্তনের মধ্যে গাজীপুরে একটি আসন বাড়ানো হয়েছে, বাগেরহাটে একটি আসন কমানো হয়েছে।
সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তি জানানোর জন্য ১০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়। ওই সময়ের মধ্যে মোট ১ হাজার ৮৯৩টি আপত্তি ও সুপারিশ জমা পড়ে। এর মধ্যে ৮৪টি আসন সম্পর্কিত ১ হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি সুপারিশ ছিল। টানা চার দিনের শুনানির পর সেগুলো পর্যালোচনা করে ইসি চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এবারের সীমানা পরিবর্তনে যেসব আসনে পরিবর্তন এসেছে তার মধ্যে রয়েছে—ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, বাগেরহাটসহ মোট ৩৩ জেলার আসন।
নির্বাচন কমিশন জানিয়েছে, বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত ৯ সদস্যের কারিগরি কমিটি দেশের ৩০০ আসনের ভৌগোলিক, জনসংখ্যা ও প্রশাসনিক কাঠামো পর্যালোচনা করে এ চূড়ান্ত তালিকা তৈরি করেছে।

