সমতট ডেস্ক : কুমিল্লা আদর্শ সদর উপজেলায় অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ হানিফ মিয়া ওরফে আনু মিয়া নামে একজনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে সদর উপজেলার কাটাবিল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হানিফ মিয়া কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ড কাটাবিল এলাকার বাসিন্দা।
জানা গেছে, অভিযানের সময় হানিফ মিয়ার কাছ থেকে ১ হাজার ৮৯৭ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, ১ বোতল ফেনসিডিল, দুটি চাইনিজ কুড়াল, একটি রামদা, দুটি চাপাতি ও একটি সিজার জব্দ করা হয়।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম জানান, সেনা অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক হানিফ মিয়াকে থানায় হস্তান্তর করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

