সমতট ডেস্ক : কুমিল্লার বুড়িচং উপজেলার ২নং বাকশীমূল ইউনিয়নের বিবাহ ও তালাক নিবন্ধনকারী কাজী মাওলানা মো. আফজল হোসাইনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়েছে—তিনি অর্থের বিনিময়ে বাল্যবিবাহ সম্পন্ন করা, জোরপূর্বক অতিরিক্ত ফি আদায়, নকল কাবিননামা সরবরাহ এবং বিদেশগামীদের কাছ থেকে ইংরেজি কাবিননামার জন্য ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত দাবি করতেন। এছাড়া কাবিন সংশোধন বা নকল প্রদানের জন্যও গ্রাহকদের নিকট থেকে কয়েক হাজার টাকা আদায় করতেন বলে অভিযোগ রয়েছে।
কাতার প্রবাসী মো. রুহুল আমিন জানান, স্ত্রীকে বিদেশ নেওয়ার জন্য কাবিননামার কপি চাইলে প্রথমে কাজী আফজল অস্বীকার করেন। পরে ৩০ হাজার টাকা দিলে ব্যবস্থা করবেন বলে দাবি করেন। শেষ পর্যন্ত তিনি কোর্টের মাধ্যমে কাজটি সম্পন্ন করেন। এ ঘটনায় তিনি গত ১৯ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযুক্ত কাজী আফজল হোসাইন অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ষড়যন্ত্রমূলকভাবে তাকে ফাঁসানোর চেষ্টা চলছে। এ ঘটনায় তার অধীনে কাজ করা আবুল হোসেন নামে এক কাজী জড়িত থাকতে পারেন বলেও মন্তব্য করেন।
এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন জানিয়েছেন—অভিযোগের পরপরই তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে আসার পর জেলা প্রশাসনের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

