সমতট ডেস্ক : আজ থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। এজন্য ক্যাম্পাসে ব্যানার, ফেস্টুন টানিয়ে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। তবে, বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ফেস্টুন টানানোর কিছুক্ষণের মাথায় সেটা ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানার টানানোর মাধ্যমে প্রচারণা শুরু করে দলটি। তবে, চারুকলা অনুষদে শিবিরের পুর্ণাঙ্গ প্যানেলের ছবি সম্বলিত ফেস্টুন টানানোর পরে সেটা ফেলে দেওয়া হয়।
ডাকসুর আচরণবিধি অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল-এর ক্ষতিসাধন করা যাবে না। তবে, এ ঘটনার সাথে কারা জড়িত তা এখনো জানা যায়নি।
এ বিষয়ে ঢাবি শাখা শিবির সভাপতি ও প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনকে অভিযোগ জানাবো। এটা ছাত্রলীগের কাজও হতে পারে আবার অন্য কারো কাজও হতে পারে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
তিনি বলেন, এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। এটা কারা করছে তা নির্বাচন কমিশনকে খুঁজে বের করতে হবে।
তবে ও বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, আমরা এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

