সমতট ডেস্ক : কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় সাদ্দাম হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার কংশনগর মেতিরাফ মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম হোসেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁপাপুর গ্রামের আবদুল বারেকের ছেলে।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার জানান, সকালে সাদ্দাম মোটরসাইকেল নিয়ে দেবিদ্বারের দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান। পরে বিপরীত দিক থেকে আসা একটি লরির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

