সমতট ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিছু ‘ধর্ম ব্যবসায়ী’ প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে ভোটগ্রহণ নিয়ে মেতে উঠেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু। তিনি বলেন, পিআর মানেই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে সদর উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
বরকতউল্লাহ বুলু বলেন, “পিআর নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। পিআর পদ্ধতি উপমহাদেশের কোথাও নেই। ভারতের মানুষও জানে না পিআর কী। আসলে এটা নির্বাচন বানচালের ষড়যন্ত্র।”
তিনি আরও বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য কঠিন নির্বাচন হবে। কারণ বিএনপিকে এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। একদিকে বিএনপি, আর অন্যদিকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রকারী এবং বিদেশি দালালরা অবস্থান নিয়েছে।
বক্তব্যের একপর্যায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে বুলু বলেন, “১৯৭১ সালে পাক হানাদাররা খালেদা জিয়াকে সন্তানসহ গ্রেফতার করে ক্যান্টনমেন্টে নিয়ে বন্দি করে রাখে। আর মুক্তিযুদ্ধ চলাকালে শেখ হাসিনা সেনা প্রহরায় হাসপাতালে সন্তান প্রসব করেন। এতেই বোঝা যায় স্বাধীনতার স্বপক্ষের শক্তি কারা।”
এ সময় ডাকসুর নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদের পক্ষে ভোট চেয়ে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
দুপুর ১২টা থেকে শুরু হওয়া সম্মেলন শেষ হয় বিকেল ৩টায়। সম্মেলনের প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন-অর রশিদ ইয়াছিন। উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন।
এছাড়া বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া, মহানগর বিএনপি সভাপতি উদবাতুল বারী আবু, জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সদর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হয়েছেন রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন ওমর ফারুক।

