সমতট ডেস্ক : মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলা যুবদল সভাপতি ভিপি মোঃ শাহাবুদ্দিন ভূঁইয়ার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় উপজেলা পৌরসদরের বিএনপি’র দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি মোঃ শাহাবুদ্দিন ভূঁইয়া বলেন, “আমার বিরুদ্ধে বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা, কাল্পনিক ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। এসব তথ্যের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”
তিনি আরও বলেন, “একটি মহল রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করছে। বিশেষ করে আমার সাথে যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিখিলের কোন সম্পর্ক নেই। গত ৫ আগস্টের পর দলের ত্যাগী নেতাকর্মীদের মিডিয়া ট্রায়ালের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।”
ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া জানান, তিনি দীর্ঘদিন ছাত্র ও যুব রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি হাসানপুর সরকারি ডিগ্রি কলেজের ছাত্র সংসদের ভিপি, বৃহত্তর (দাউদকান্দি-তিতাস) উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, বৃহত্তর উপজেলা ছাত্রদলের সভাপতি, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে যে সংবাদ পরিবেশন করা হচ্ছে, তার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। কুমিল্লা উত্তর জেলা যুবদলের ভাবমূর্তি খুণ্ন করা ও যুবদলকে দুর্বল করার জন্য একটি কুচক্রি মহল বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। গৌরীপুর বাস স্ট্যান্ড থেকে পরিচালিত বোরাক পরিবহনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি আমার বিরুদ্ধে প্রচারিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক পৌর ছাত্রদলের সভাপতি মোঃ মোজাম্মেল হক, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক রুহুল আমীন, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান লিমন, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক রানা সরকার ও পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল সরকার প্রমুখ।

