সমতট ডেস্ক : কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান এলাকার ইউটার্নে কাভার্ডভ্যান উল্টে প্রাইভেট কারের ওপর পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে ব্যাংক কর্মকর্তা আবুল হাসেম (৫০) এবং ছোট ছেলে বেসরকারি কোম্পানির কর্মকর্তা আবুল কাশেম মামুন (৪৫)।
জানা গেছে, চিকিৎসা শেষে ঢাকার কল্যাণপুর থেকে গ্রামের বাড়ি বরুড়ায় ফিরছিলেন তারা। গাড়িটি চালাচ্ছিলেন বড় ছেলে আবুল হাসেম। পথিমধ্যেই কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে সবার মৃত্যু হয়।
ওমর আলী ও নুরজাহান বেগমের দুই মেয়ে ব্যাংক কর্মকর্তা। নিহত বড় ছেলে আবুল হাসেমের এক মেয়ে ও এক ছেলে রয়েছে। মেয়ে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। ছোট ছেলে আবুল কাশেম মামুনের দুই ছেলে রয়েছে।
ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক আনিসুল ইসলাম জানান, ইউটার্নের কাছে কাভার্ডভ্যানটির চালক হঠাৎ ব্রেক করলে ভারসাম্য হারিয়ে ভ্যানটি উল্টে প্রাইভেট কারের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সবাই নিহত হন।

