সমতট ডেস্ক : সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে ভোট চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এ দাবি জানান।
তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে পিআর পদ্ধতিতে ভোট আয়োজন করতে হবে। জনগণের মতামতকে মূল্যায়ন করাই এ ব্যবস্থার প্রধান শক্তি। এ দাবি নিয়ে মাঠে থাকবে জামায়াত এবং নির্বাচনের প্রস্তুতিও নেবে। তবে পিআর ছাড়া নির্বাচনে যাবে কিনা– সে প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি।
হামিদুর রহমান আযাদ আরও বলেন, এখনও নির্বাচনকে ঘিরে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে উদ্বেগ জানানো হয়েছে। সিইসি আশ্বস্ত করেছেন যে, এ বিষয়ে কাজ করা হচ্ছে।
এ সময় জামায়াত প্রতিনিধি দল সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে সবার মতামত আমলে নেওয়ার আহ্বান জানায়। দলের আয়-ব্যয়ের হিসাব ও ব্যাংক একাউন্ট না দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, গত ১৫ বছর অনুকূল পরিবেশ না থাকায় ব্যাংক একাউন্ট খোলা সম্ভব হয়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী রিটার্নে তা অন্তর্ভুক্ত করা হবে।
এর আগে প্রায় দেড় ঘণ্টা ধরে সিইসির সঙ্গে বৈঠক করে জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধি দল।
নির্বাচন কমিশনের রোডম্যাপ
অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী কর্মপরিকল্পনা (রোডম্যাপ) চূড়ান্ত করার আনুষ্ঠানিকতা শুরু করেছে ইসি। বৃহস্পতিবার দিনভর বৈঠকের পর কমিশন জানিয়েছে, আগামী রোববার বা সোমবার রোডম্যাপ প্রকাশ করা হবে।
ইসি সূত্র জানায়, অক্টোবরের মধ্যে মূল প্রস্তুতি সম্পন্ন করতে চাইছে কমিশন। এর মধ্যে থাকবে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, দল নিবন্ধন, দেশি-বিদেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, আরপিও সংশোধন, আচরণবিধি জারি ও ভোটার তালিকা চূড়ান্তকরণ।
আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে।

