সমতট ডেস্ক : কুমিল্লার বিসিক শিল্পনগরী এলাকায় চোর ও ছিনতাইকারী সন্দেহে সায়েম (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে নগরীর অশোকতলা এলাকার বিসিকের ফুলমতি ভবনের জান্নাত ফুড ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।
রাতে ঘটনাস্থল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মাহিনুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। স্থানীয়রা দাবি করছে, নিহত যুবক ওই এলাকায় চুরি, ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্র জানায়, বিকালে সায়েম ফ্যাক্টরিতে চাঁদার জন্য গেলে কর্মচারীরা তাকে আটকে মারধর করে। পরে তার সহযোগীরা হট্টগোল করলে এলাকাবাসী আরও এক দফা পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে অন্য একটি সূত্র দাবি করছে, সায়েম দোকান থেকে পণ্য কিনতে গেলে তাকে স্থানীয়রা ধরে ফেলে মারধর করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে নিহতের সহযোগীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কিছু যুবক পুলিশের গাড়িতে হামলা চালায়। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত সায়েম সদর দিদার মার্কেট এলাকার ভাড়াটিয়া অটোরিকশা চালক আমিনুল ইসলামের ছেলে। তাদের গ্রামের বাড়ি রংপুর জেলায়।

