তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা | ১৪ আগস্ট
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫ নং পাঁচথুবী ইউনিয়নের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকাল ৫টা ৩০ মিনিটে ইডাল্লা মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল কাদের। ইউনিয়ন সেক্রেটারি সাইফ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন নায়েবে আমীর আব্দুর রহমান, অফিস ও বায়তুলমাল সম্পাদক জাহাঙ্গীর হোসেন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম কাকন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “দেশের চলমান সংকট থেকে উত্তরণের জন্য ইসলামভিত্তিক ন্যায় ও ইনসাফের সমাজব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প নেই। জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে জামায়াতে ইসলামী। আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে আমরা ইনশাআল্লাহ দুর্নীতি, অন্যায় ও অবিচারমুক্ত একটি সোনার বাংলাদেশ গড়ে তুলবো।”
ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল কাদের বলেন, “যারা দেশের সম্পদ লুট করেছে, জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে—তাদের বিচার একদিন হবেই। জামায়াত জনগণের সঙ্গে আছে, থাকবে, আর এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।”
এদিকে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গত ৮ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় শিবির বাজার এলাকায় বৃষ্টিকে উপেক্ষা করে ব্যাপক গণসংযোগ করেছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। আজও বৃষ্টি ভেজা বিকেলে স্থানীয় নেতাকর্মী ও বাজারের ব্যবসায়ীরা শুভেচ্ছা বিনিময় করেন এবং নির্বাচনী কৌশল বিনিময় করেন।
বিরূপ আবহাওয়া সত্ত্বেও পাঁচথুবী ইউনিয়নের জনগণ জামায়াতের প্রার্থীকে বিজয়ী করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে এলাকাবাসীর সঙ্গে সমন্বয় করে ব্যাপক নির্বাচনী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

