সমতট ডেস্ক : কুমিল্লার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া সরকারি কলেজের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ ও প্রশাসনিক জবাবদিহিতার দাবিতে সচিত্র সংবাদ সম্মেলন করেছেন মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ও সাংবাদিক আবু সুফিয়ান।
রবিবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমি পেশায় একজন সংবাদকর্মী ও ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী। কলেজের অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় একটি দুর্নীতিবাজ চক্র ধারাবাহিকভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা আমার কর্মস্থলে লিখিত অভিযোগ পাঠিয়ে আমাকে কর্মহীন করার চেষ্টা করেছে।”
তিনি বলেন, “শুধু সামাজিক মাধ্যমে দেখা দু’টি ছবি বা খণ্ডিত ভিডিও দিয়ে ভিক্টোরিয়ার জর্জরিত বাস্তবতা বোঝা সম্ভব নয়। শতবর্ষী এই শিক্ষা প্রতিষ্ঠানটি গত এক দশকে ব্যবস্থাপনায় ব্যাপক অবনমন ঘটেছে। বর্তমান অধ্যক্ষ গত বছর ১২ সেপ্টেম্বর যোগ দিয়ে শিক্ষার্থীদের প্রস্তাবিত ৬ দফা দাবি ও ১০টি হল সমস্যা সমাধানের আশ্বাস দিলেও তা বাস্তবায়নে কোনো উদ্যোগ নেননি। এখনকার আন্দোলন বা অধ্যক্ষের অপসারণ দাবি মূলত ১১ মাসের অব্যবস্থাপনার প্রতিবাদ।”
সাংবাদিক আবু সুফিয়ান আরও বলেন, “কলেজ ফান্ডে ১২ কোটির বেশি টাকা থাকলেও এখনও ক্যাম্পাসে পর্যাপ্ত লাইটিং নেই, নেই সিসিটিভি ব্যবস্থা। নজরুল হলসহ বিভিন্ন আবাসিক হলে বৃষ্টির পানি জমে থাকে দিন তিনেক ধরে। শিক্ষার্থীদের কল্যাণে কিছুই করা হচ্ছে না। সরকারি অর্থ কোথায় ব্যয় হচ্ছে তা খাতভিত্তিক আয়-ব্যয়ের বিবরণ জনগণের সামনে প্রকাশ করতে হবে।”
শিক্ষকদের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, “আমি আপনাদের সন্তান, ভুল হলে শাসন করুন। কিন্তু মিথ্যাচার শিক্ষকসুলভ নয়। আমাকে বহিরাগত বলা বা সাংবাদিকতা নিয়ে ব্যঙ্গ করে যারা অপপ্রচার চালাচ্ছেন, তাদের জবাবদিহি চাই।”
এ সময় তিনি অভিযোগ করেন, “দুর্নীতির বিরুদ্ধে কথা বলার দায়ে আমাকে কর্মস্থলে হেনস্থা করা হয়েছে, স্ত্রী-সন্তানের জীবিকা নিয়ে হুমকি দেওয়া হয়েছে। এটা কোনো শিক্ষকের কাজ হতে পারে না।”
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন কলেজ ছাত্রদল নেতা ওমর ফারুক, ইসলামী ছাত্রশিবিরের কলেজ সভাপতি মনির হোসেন, ‘জুলাই যোদ্ধা’ মো. তামিম হোসেন।
📢 ঘোষিত কর্মসূচি
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা মো. আরিফুল হোসেন ঘোষণা দেন:
সোমবার: কলেজে অবস্থান কর্মসূচি, গণস্বাক্ষর অভিযান ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান।
মঙ্গলবার: অধ্যক্ষ পদত্যাগ না করলে সচিবালয়ের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে।

