সমতট ডেস্ক : গণিত বিভাগে ‘ম্যাথ এসোসিয়েশন’ ফান্ডের নামে শিক্ষার্থীদের কাছ থেকে ৩০০ টাকা আদায়
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের গণিত বিভাগে অনার্স প্রথম বর্ষে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত ৩০০ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এই অর্থ কলেজ প্রশাসনের জানার বাইরে ‘ম্যাথ এসোসিয়েশন’ নামে সংগ্রহ করা হচ্ছে বলে দাবি করেছেন একাধিক শিক্ষার্থী।
কুমিল্লার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া সরকারি কলেজে ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে উঠেছে প্রশ্ন। গণিত বিভাগে অনার্স প্রথম বর্ষে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের অভিযোগ, নির্ধারিত সরকারি ফি’র বাইরে তাদের কাছ থেকে ৩০০ টাকা অতিরিক্ত আদায় করা হচ্ছে। এ অর্থ ‘ম্যাথ এসোসিয়েশন’ নামে নেয়া হলেও, কোনো রশিদ বা বৈধ কাগজ দেওয়া হচ্ছে না।
সরেজমিনে রোববার গণিত বিভাগে গিয়ে দেখা যায়, বেশ কয়েকজন শিক্ষার্থী এ নিয়ে প্রতিবাদ করছেন। তারা অভিযোগ করেন, অতিরিক্ত টাকা না দিলে ভর্তি গ্রহণ করা হচ্ছে না। অফিসের কর্মচারীরাও বিষয়টি স্বীকার করেছেন।
গণিত বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মহিউদ্দিন সরকার মুন্না জানান, এই অর্থ দিয়ে বিভাগের ভ্রমণ ও কিছু কার্যক্রম পরিচালিত হয়। ফরম ফিলআপের সময় আরও ১০০ টাকা নেওয়া হয় বলেও জানান তিনি। তবে একাধিক সাবেক শিক্ষার্থী জানিয়েছেন, এসব খরচ তারা নিজেরাই বহন করে থাকেন, নতুনদের কাছ থেকে অর্থ নেওয়ার কোনও যৌক্তিকতা নেই।
গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ইউনুস মিয়া বলেন, “এটা আমাদের ম্যাথ এসোসিয়েশন ফান্ড। এই বছরই প্রথম নেয়া হচ্ছে। এতে আমাদের হাত নেই—শিক্ষার্থীরাই এটি পরিচালনা করে। তবে সবাইকেই দিতে হবে।”
তবে কলেজ অধ্যক্ষ মো. আবুল বাসার ভূঞা বলেন, “আমি বিষয়টি জানি না। এটি নিয়মবহির্ভূত। জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

