সমতট ডেস্ক : আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তাঁর একুশে পদক থেকে প্রাপ্ত সমুদয় অর্থ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দান করেছেন। সোমবার, ৩০ জুন ২০২৫ তারিখে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই অর্থের চেক হস্তান্তর করেন।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর মাহমুদুর রহমানের কাছ থেকে এই চেক গ্রহণ করেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে দৈনিক আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদসহ ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে মাহমুদুর রহমান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদরা আমাদের জাতির গৌরব। তাঁদের আত্মত্যাগের ফলেই আমরা এক ভয়ংকর ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছি।” তিনি এই সময়ে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি শহীদ পরিবারগুলোকে সব ধরনের সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

