ক্যালেন্ডার
    March 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি | রবিবার | বসন্তকাল

    কুমিল্লায় সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক, সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনসহ ২৪১ জনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোতে সশস্ত্র হামলা, হত্যার চেষ্টা এবং গুলির নির্দেশ দেয়ার অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লার দুটি আদালতে এবং কোতয়ালী মডেল থানায় এসব মামলা দায়ের করা হয়। এজাহারভুক্ত ২৪১ জন ছাড়াও অজ্ঞাতনামা আরও ৪৩০ জনকে আসামি করা হয়েছে। আদালত ও থানা পুলিশ মামলার বিষয়টি নিশ্চিত করেছে।

    সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামালসহ ৩৫ জনের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার মামলা

    কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও তৎকালীন ওসি নজরুল ইসলামসহ ৩৫ জনের বিরুদ্ধে একটি হত্যা প্রচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন নাঙ্গলকোটের বাসিন্দা আইনজীবী মো. একরামুল হক মজুমদার। তিনি অভিযোগ করেন, তার থানায় ওসি নজরুল ইসলাম অভিযোগ নিতে অস্বীকৃতি জানান এবং পরিবর্তে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে নাঙ্গলকোট থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে। মামলায় আরও উল্লেখ করা হয়েছে যে, ওই ঘটনার সাথে নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল হামিদ এবং ছাত্রলীগ সভাপতি মো. সাইফুল ইসলাম রুবেলসহ ৩৫ জন সরাসরি জড়িত ছিলেন। বাদী আশাবাদ ব্যক্ত করেন যে, বর্তমান মামলার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হবে।

    সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও বাহাউদ্দিনসহ ১৩৩ জনের বিরুদ্ধে মামলা

    কুমিল্লার কোটা সংস্কার আন্দোলনের সময় সশস্ত্র হামলা ও গুলির ঘটনায় সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক, তার স্ত্রী এড. হনুফা আক্তার রিক্তা, সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার ও কুমিল্লা সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র ডা. তাহসীন বাহার সূচনাসহ ১৩৩ জনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। বাদী কাজী মো. সোহেল অভিযোগ করেছেন যে, গত ৪ আগস্ট আলেখারচর ও তার আশপাশের এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আসামিরা সশস্ত্র হামলা চালিয়ে তাকে এবং আরও অনেককে গুলিবিদ্ধ করে আহত করেন। গুরুতর আহত সোহেলকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, মামলায় উল্লেখিত আসামিরা আত্মগোপনে রয়েছেন এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    সাবেক এমপি আবুল কালাম আজাদসহ ৭৩ জনের বিরুদ্ধে মামলা

    দেবিদ্বার উপজেলায় ছাত্র আন্দোলনের সময় সশস্ত্র হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে সাবেক এমপি আবুল কালাম আজাদসহ ৭৩ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক এমপির ভাই, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী আবুল খায়ের অভিযোগ করেন যে, তার ছেলে আবু বকরের উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়, যার ফলে তিনি মারাত্মকভাবে আহত হন। আহত অবস্থায় তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। বাদীর আইনজীবী আরিফুর রহমান শ্রাবণ জানান, ভিকটিমের মাথায় গুরুতর আঘাতের কারণে ব্রেইন অপসারণ করতে হয়েছে এবং তা বিশেষভাবে সংরক্ষিত অবস্থায় রয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

    Share.
    Leave A Reply