বান্দরবানের থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকে হামলার সময় ব্যবহৃত গাড়ির চালক ও তিনজন কেএনএফ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৭ এপ্রিল) আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে রাত ১০টায় জেলা সদরের রেইসা চেকপোস্ট এলাকা থেকে ব্যাংক হামলায় সরাসরি জড়িত ৩ জন কেএনএফ সদস্যকে গ্রেপ্তার করে। পরে সোমবার (৮ এপ্রিল) সকাল ৮টার দিকে গাড়িসহ চালককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাড়ির চালক মোহাম্মদ কফিল উদ্দিন সাগর, রোয়াংছড়ি উপজেলার রৌনিন পাড়া ৬নং ওয়ার্ডের জিংচুন নুং বমের ছেলে ভানুনুন নুয়াম বম, থানচি উপজেলার ৯নং ওয়ার্ড সিমত্লাংপি পাড়ার লাল মুন চম বমের দুই ছেলে-মেয়ে জেমিনিউ বম ও আমে লনচেও বম।
এর আগে গত মঙ্গলবার রাতে তারাবির নামাজের সময় বান্দরবানের রুমা শাখা সোনালী ব্যাংক ও আশেপাশের এলাকা ঘিরে ফেলে শতাধিক সশস্ত্র দুর্বৃত্ত। প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ থেকে ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে ধরে নিয়ে ব্যাংকের ভেতরে মারধর করে তারা। পরে তাকে অপহরণ করে নিয়ে যায়।

