সমতট ডেস্ক : আন্দোলনরত সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও বলপ্রয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়।
বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘শান্তিপূর্ণভাবে দাবি আদায় করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। যৌক্তিক দাবি উত্থাপনের জবাবে বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এতে কোনো স্থায়ী সমাধান আসে না।’
তিনি আরও বলেন, ‘সরকারি কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের ন্যায্য দাবি সম্মানের সঙ্গে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া সরকারের দায়িত্ব।’
বিবৃতিতে জানানো হয়, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারি কর্মচারীদের যৌক্তিক দাবি আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে মত দিয়েছেন। তিনি উদ্ভূত পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিরসনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের উচিত সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনায় বসে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো।’
বিবৃতিতে তিনি সব পক্ষকে সংযম প্রদর্শন ও শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের আহ্বান জানান। পাশাপাশি আহত সরকারি কর্মচারীদের অবিলম্বে যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবিও জানান।
এরআগে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি চাকরিজীবীরা সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন। পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে অগ্রসর হলে বেলা সোয়া ১১টার পর পুলিশ দফায় দফায় লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ করে। এতে বহু সরকারি কর্মচারী আহত হন।

