তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা আদর্শ সদর উপজেলার বড় আলমপুর এলাকায় প্রভাবশালী মহলের চাপে একটি পরিবারের পৈত্রিক ভিটে বাড়ির উপর দিয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন টানার প্রস্তুতি চলছে—এমন অভিযোগ উঠেছে। এতে বাড়ির বাসিন্দাদের নিরাপত্তা চরম ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ভুক্তভোগী মোঃ মিজানুর রহমান (পিতা: ইয়াসিন মিয়া), বড় আলমপুর এলাকার বাসিন্দা। তার পৈত্রিক ভিটা বিএস খতিয়ান নং ১৬১, জেএল নং ৩৭-এর ১২২ নং দাগে অবস্থিত। সরকারি রেকর্ড অনুযায়ী জমির শ্রেণি ‘ভিটি’ হলেও বড়দৈল–কোটবাড়ি সড়কসংলগ্ন এই ভিটে বাড়ির উপর দিয়েই বিদ্যুৎ লাইন টানার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ।
সরেজমিনে দেখা যায়, পল্লীবিদ্যুৎ কুমিল্লা কর্তৃপক্ষ উক্ত স্থানে সরাসরি বিদ্যুৎ খুঁটি স্থাপন না করে এমনভাবে খুঁটি বসিয়েছে, যার ফলে মোঃ মিজানুর রহমানের ভিটে বাড়ির ওপর দিয়ে উচ্চ ক্ষমতার বিদ্যুৎ তার টানার সম্ভাবনা তৈরি হয়েছে। স্থানীয়দের মতে, এটি পরিকল্পিতভাবে করা হয়েছে একটি প্রভাবশালী মহলের স্বার্থ রক্ষার জন্য।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বিদ্যুৎ তার বাড়ির উপর দিয়ে গেলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে ঝড়-বৃষ্টি কিংবা বজ্রপাতের সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। এতে শিশু, নারী ও বৃদ্ধদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে।
এ বিষয়ে মোঃ মিজানুর রহমান জানান, “আমাদের পৈত্রিক ভিটে থাকার পরও কোনো নোটিশ বা সম্মতি ছাড়া বাড়ির উপর দিয়ে বিদ্যুৎ লাইন নেওয়ার প্রস্তুতি চলছে। আমরা বারবার আপত্তি জানালেও বিষয়টি গুরুত্ব পাচ্ছে না।”
এ প্রসঙ্গে কুমিল্লা পল্লীবিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগটি তারা পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে স্থানীয় সচেতন মহলের দাবি, তদন্তের নামে যেন বিষয়টি ধামাচাপা না পড়ে। বিদ্যুৎ সংযোগ একটি জনস্বার্থমূলক কাজ হলেও তা কোনোভাবেই ব্যক্তিমালিকানাধীন ভিটে বাড়ির নিরাপত্তা বিঘ্নিত করে করা যেতে পারে না। তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত ও নিরাপদ বিকল্প পথে বিদ্যুৎ লাইন স্থাপনের দাবি জানিয়েছেন।

