সমতট ডেস্ক: রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী জেলাসমূহে আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিজিবির সদর দফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৪ প্লাটুন বিজিবি টহল দিচ্ছে। তারা সকাল থেকেই মাঠে অবস্থান নিয়ে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাজ করছে। বিজিবি সদস্যরা নিয়মিত নজরদারি এবং তল্লাশি চালাচ্ছেন, যাতে নাগরিক জীবন নির্বিঘ্নে চলতে পারে।
গত কয়েকদিন ধরে রাজধানী ও আশপাশের এলাকায় বাসে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এই পরিস্থিতিতে নিরাপত্তা আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে পুলিশ ও বিজিবি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, আগামী ১৩ নভেম্বর বিশেষ কোনো নিরাপত্তা শঙ্কা নেই। তবে ওই দিন রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হবে, যাতে যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়।
