মাহমুদ হাসান, চাঁদপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে পাঁচ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামী আমীর ও চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।
তিনি বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কালো টাকার বাণিজ্য বন্ধ হয়ে যাবে। জনগণের কাঙ্ক্ষিত অধিকার ফিরিয়ে দিতে হলে পিআর পদ্ধতি মেনে নিতে হবে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। জামায়াত ইসলাম কারও রক্তচক্ষুকে ভয় করে না।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াত মনোনীত চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শাহাজান মিয়া। তিনি বলেন, “যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে তারাই পিআর নির্বাচন নিয়েও ষড়যন্ত্র করছে। জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না। আমরা ভোটাধিকার নিয়েই বাড়ি ফিরব।”
অন্য বক্তারা বলেন, জামায়াত এদেশে ভেসে আসা দল নয়। তাই জামায়াতকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। তারা স্বৈরশাসনের বিচার, জাতীয় পার্টির নিষিদ্ধকরণ এবং পিআর পদ্ধতির নির্বাচনের দাবি জানান। এ সময় যারা পিআর পদ্ধতি বোঝেন না তাদেরকে পিআর পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ প্রদানের আহ্বান জানানো হয়।
নেতৃবৃন্দ আরও বলেন, দেশে জনগণের অধিকার ফিরিয়ে আনতে পিআর পদ্ধতি অপরিহার্য। আগামীতে ক্ষমতায় গেলে কুরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দেন তারা।
সমাবেশে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। এতে বলা হয়, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা আবশ্যক। সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে। একই সঙ্গে ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দাবি করা হয়। এছাড়া জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার কথাও দাবি হিসেবে উত্থাপন করা হয়।

