তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা
জাতীয় নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ ধারাবাহিকভাবে গণসংযোগ ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে আগামী দুর্গাপূজাকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও কৌশল বিনিময় সভা অনুষ্ঠিত হয় শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৮টায় কুমিল্লা নগরীর কালিয়াজুরি শীলবাড়ি কল্পতরু বিশ্বনাথ শিবমন্দিরের সামনে।

সভায় প্রধান অতিথি ছিলেন কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর যুববিভাগের সভাপতি কাজী নজির আহমেদ। ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের শুরা সদস্য আবু জাহিদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পূজা কমিটির উপদেষ্টা শ্রী নারায়ণ চন্দ্র শীল।
এ সময় আরও উপস্থিত ছিলেন পূজা কমিটির উপদেষ্টা শ্রী খোকন চন্দ্র শীল, সাধারণ সম্পাদক শ্রী মিন্টু চন্দ্র শীল, উপদেষ্টা শ্রী তপন কুমার শীল, শ্রী সুনীল চন্দ্র শীল, শ্রী মাস্টার স্বপন শীল, শ্রী জীবন চন্দ্র শীল, শ্রী আসিস কুমার রায়, শ্রী শ্যামল চন্দ্র শীল ও শ্রী সুভাষ চন্দ্র শীলসহ প্রায় তিন শতাধিক সনাতনী নারী-পুরুষ।

প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে হাজার বছরের ঐতিহ্যে মিলেমিশে সমাজে বসবাস করতে চাই। বৈষম্যহীন সমাজ গঠনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য সবাইকে দাঁড়িপাল্লা মার্কায় ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি হিন্দু সমাজের পূজা-পার্বণে এবং রাস্তার জলাবদ্ধতা পার্কিং লাইট সহ সকল সহযোগিতার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে শ্রী নারায়ণ চন্দ্র শীল বলেন, “আমরা গত ৫৪ বছরে অনেক দলের শাসন দেখেছি। এবার জামায়াতে ইসলামীকেও সুযোগ দেওয়া প্রয়োজন।” তিনি সকলকে দাঁড়িপাল্লা প্রতীকের কথা স্মরণ করিয়ে দেন। বক্তৃতার পর উপস্থিত জনতা করতালির মাধ্যমে তাদের সমর্থন জানান।

