সমতট ডেস্ক : কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে সনদবিহীন হয়ে মামলা পরিচালনার সময় এক ভুয়া আইনজীবীকে আটক করেছে প্রশাসন। সোমবার আদালতে এ ঘটনা ঘটে।
আটককৃত ব্যক্তির নাম জালাল মিয়া। তিনি কুমিল্লা সদর উপজেলার আড়াইওরা এলাকার শামসুল হক মিয়ার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জালাল মিয়া নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে বিভিন্ন মামলায় তদবির ও পরিচালনা করছিলেন। সোমবার তিনি আরেকজন প্রকৃত এডভোকেটের সিল ও সাক্ষর নকল করে আদালতে হাজির হন। এসময় বিষয়টি সন্দেহজনক মনে হলে আদালতের কর্মকর্তারা তার কাগজপত্র যাচাই করেন। এতে বের হয়ে আসে তিনি কোনো আইনজীবী নন এবং প্রতারণার মাধ্যমে অন্যের সিল ও সাক্ষর ব্যবহার করেছেন।
এ ঘটনায় আদালতের নির্দেশে জালাল মিয়াকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে জাল সিল, নকল স্বাক্ষরযুক্ত নথিপত্র ও বিভিন্ন নকল কাগজ জব্দ করা হয়।
প্রশাসন জানিয়েছে, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

