তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা | ১০ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩টা ৩০ মিনিটে গোলাবাড়ি এলাকায় এ কর্মসূচি হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা কুমিল্লা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
এর আগে বিষ্ণপুর ভুইয়া বাড়ির নিবাসী মরহুম রহমত আলী ভুঁইয়ার ছেলে আব্দুস সোবহান (৯০)-এর জানাজায় অংশ নেন জামায়াত নেতৃবৃন্দ।
গোলাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ শেষে মুসল্লীদের উদ্দেশ্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন—
“ক্ষণস্থায়ী এ দুনিয়ায় সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমরা দুর্নীতি করি না, দুর্নীতিকে প্রশ্রয় দেই না, সহ্যও করি না। সাম্যের বাংলাদেশ গড়তে হলে সৎ ও নির্ভিক খোদাভীরু সমাজসেবকদের নেতৃত্ব প্রয়োজন। কেবল কোরআনের শাসনই মানুষকে শান্তি দিতে পারে। স্বাধীনতার ৫৫ বছরে বহু দলের শাসন দেখেছি, এবার আসুন আমরা কোরআনের পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় সিদ্ধান্ত দেই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ইউনিয়ন আমীর ও ইউনিয়ন চেয়ারম্যানপ্রার্থী কাজী আব্দুল কাদের। এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারী সাইফুদ্দিন, নায়েবে আমীর আব্দুর রহমান, ৫ নং ওয়ার্ড সভাপতি শাহজাহান কবির, সেক্রেটারী আমিনুল ইসলাম ভুঁইয়া, শিবির নেতা নাছির উদ্দিন সরকার, সৈয়দ আব্দুল্লাহ-আল-মামুন, রবিউল ওমর সাইম, জসিমউদ্দীন কাজলসহ স্থানীয় নেতাকর্মীরা।

