তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা | ৮ সেপ্টেম্বর ২০২৫
চাপাপুর থেকে টমছমব্রিজ হয়ে কোটবাড়ি বিশ্বরোড পর্যন্ত সড়ক ও জনপথের অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক বর্তমানে অবৈধ দখল ও সংস্কার কাজে ধীরগতির কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ।
বিশেষ করে টমছমব্রিজ থেকে মেডিকেল রোড পর্যন্ত সংস্কার কাজের ধীরগতি জনমনে গভীর হতাশা সৃষ্টি করেছে। প্রতিদিন সদর দক্ষিণ ও আদর্শ সদর উপজেলা থেকে লক্ষাধিক যাত্রী এ সড়ক দিয়ে চলাচল করে। ইবনেতাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা ইপিজেড (EPZ) ও আশপাশের এলাকার হাজারো শিক্ষার্থী ও শ্রমিকের একমাত্র ভরসা এই সড়ক। অথচ অতিব্যস্ত এ মহাসড়কে ২৪ ঘণ্টা ভিড় থাকলেও যাত্রীদের জন্য নেই কোনো নিরাপদ পরিবেশ।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের দু’পাশে টিনসেড দোকানঘর নির্মাণ করে দখলদাররা রাস্তা সংকুচিত করে ফেলেছে। ভাঙা বিল্ডিংয়ের পাশে রাস্তার বুক চিড়ে সারি সারি দোকান দাঁড়িয়ে আছে, যা চলাচলে চরম প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সাধারণ মানুষের ক্ষোভ—“মহাসড়ক শক্তিশালী, নাকি দোকানঘর? মানুষের প্রয়োজনে রাস্তা উন্মুক্ত হওয়া উচিত, দোকান নয়।”

এ বিষয়ে সাধারণ মানুষের স্পষ্ট দাবী—অনতিবিলম্বে জনগুরুত্বপূর্ণ এ সড়ক দখলমুক্ত করা হোক। তাদের মতে, দখল উচ্ছেদ ও সংস্কার কাজ দ্রুত সম্পন্ন না হলে প্রতিদিনের ভোগান্তি যেমন বাড়বে, তেমনি দুর্ঘটনার ঝুঁকিও আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাবে।
জনসাধারণের আহ্বান: দ্রুত সংস্কার কাজ শেষ করে অবৈধ দখল উচ্ছেদ করে কুমিল্লার এই গুরুত্বপূর্ণ সড়ককে নির্বিঘ্ন যাতায়াতের উপযোগী করে তোলা হোক।

