তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা
কুমিল্লার বিশিষ্ট শ্রমিক নেতা, আদর্শ সদর দক্ষিণ থানার সহসভাপতি এবং কুমিল্লা আদর্শ সদর থানা বেকারী শ্রমিক ট্রেড ইউনিয়ন (রেজিঃ নং ৮৫)-এর সভাপতি জয়নাল আবেদীন মজুমদার আর নেই।
গত ৩ আগস্ট বুধবার ভোররাত প্রায় ৩টা ৪৫ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
মরহুমের গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার শ্রীপুর মজুমদার বাড়ি। দীর্ঘদিন ধরে তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। ২০০৮ সালে তিনি হার্টে রিং প্রতিস্থাপন করেন এবং ২০১৩ সালে ওপেন হার্ট সার্জারি করান।
জয়নাল আবেদীন মজুমদার ছিলেন নিবেদিতপ্রাণ সমাজসেবক ও শ্রমজীবী মানুষের আস্থাভাজন। তার দুই মেয়ের কোরআনে হাফেজা ঢাকার তামিরুল মিল্লাত মাদ্রাসা, ডেমরা মহিলা শাখার ছাত্রী। তার সহধর্মিণী বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্যা।
মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয় কুমিল্লা টমছমব্রিজে ঈদগাহ মাঠে বাদ জোহর যেখানে জানাজার ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ,

এবং দ্বিতীয় জানাজা বাদ আসর মনোহরগঞ্জের শ্রীপুর আলী আশরাফ এবতেদায়ী মাদ্রাসা মাঠে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ কুমিল্লা মহানগরীর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম ও সেক্রেটারি এডভোকেট জিল্লুর রহমান গভীর শোক প্রকাশ করেন। একইসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ ও সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান শোক প্রকাশ করেন।
শ্রমিক নেতারা বলেছেন—তার মৃত্যুতে শ্রমিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হয়েছে।

