সমতট ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, এই দেশে আর কখনও শেখ হাসিনার আয়নাঘর, ডিবি হারুনের ভাতের হোটেল হবে না। যারা একাত্তরে ভুল করেছে তারা নাকি বাংলাদেশে পিআর চায়। পিআর বুঝেন? নাকি বুঝেন সরাসরি ভোট। আমরা ব্যালটের মাধ্যমে ভোট চাই।
বুধবার দুপুরে নোয়াখালীর সেনবাগে থানার মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে তিনি একথা বলেন।
সেনবাগ পৌর বিএনপির সাবেক আহবায়ক মাস্টার আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান সালা উদ্দিন লিটনের পরিচালনায় সমাবেশে জয়নুল আবেদীন ফারুক আরো বলেন, নির্বাচনি রোড ম্যাপ ঘোষণা হয়েছে। ঠিক এই সময় নির্বাচনকে বানচাল করার জন্য ভিপি নুরুল হক নুরকে আহত করে হাসপাতালে পাঠিয়েছে। এবং বিভিন্ন কায়দায় ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার জন্য চক্রান্ত শুরু হয়েছে।
সমাবেশে সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপতি তামান্না ফারুক থিমা, সেনবাগ উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আমিন উল্যাহ বিএসসি, উপজেলা বিএনপি সাবেক প্রচার সম্পাদক মিয়া মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা বিএনপির নেতা আবদুর রহমান চেয়ারম্যান, সেনবাগ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক বাবুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, জেলা বিএনপির সাবেক সদস্য নুরনবী বাচ্চু, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক সোহাগ, শহীদ উল্লাহ শহিদ, বিএনপি নেতা হুমায়ুন কবির হুমু, পৌর যুবদলের সাবেক সভাপতি মোকারম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল হাসান তুহিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রুবেল উপস্থিত ছিলেন।

